
ফয়ছল আহমদ নুমান,কোম্পানীগঞ্জ:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় সারি-গোয়াইন (চেঙ্গেরখাল) নদীতে বিভিন্ন বাল্কহেড ও কার্গো জাহাজ থেকে চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করেছে ছাতক নৌ পুলিশ।
শুক্রবার (১৯ জুন ২০২৬) সকাল ৯টা ৪৫ মিনিটে সংবাদ পেয়ে ছাতক নৌ পুলিশের ইনচার্জ আনোয়ারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বেলা ১১টা ১৫ মিনিটে সালুটিকর ব্রিজ সংলগ্ন নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় এলাকাবাসীর সহায়তায় চাঁদা আদায়ের সময় মামুন মিয়া (৪২), পিতা-মৃত সুনু মিয়া, সাং-নয়াটিলা, থানা-বিমানবন্দর, জেলা-এসএমপি সিলেটকে আটক করা হয়।
নৌ পুলিশ জানায়, আটক ব্যক্তির হেফাজত থেকে চাঁদাবাজির ২ হাজার ২২০ টাকা, চাঁদা আদায়ের দুটি রসিদ বই এবং একটি নৌকা জব্দ করা হয়েছে।
ছাতক নৌ পুলিশের ইনচার্জ আনোয়ার বলেন, “নদীপথে কোনো ব্যক্তি বা সংগঠনের নামে অবৈধভাবে চাঁদা আদায়ের সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”