
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন পয়েন্টে ভ্যানগাড়ীতে ডাকাতির অভিযোগে উত্তেজিত জনতা লেবু মিয়া (৩২) নামের এক যুবককে আটক করে বেদম মারপিটক্রমে আহত করে পুলিশে সোপর্দ করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উত্তেজিত জনতার অভিযোগ লেবু মিয়া ভ্যান চালককে গলায় ছুরি ধরে তার টাকাপয়সা ছিনতাইয়ের চেষ্টা করছিল। আটককৃত লেবু মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের সাহানুর মিয়ার পুত্র। সে মাদক ও ইয়াবা ব্যবসায় জড়িত রয়েছে বলে জানা যায়। এ ঘটনায় তার সাথে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের ঢালা ক্ষিদিরপুর গ্রামের শাহ আলম (৩৪) এবং সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের সরদারপুর গ্রামের মৃত নোয়াব আলীর পুত্র কবির (৩৫) ও মোহনপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র আইনুল (৩৯) সহ ৪/৫ জন যুবক জড়িত ছিল বলে আটককারী জনতাকে জানায় লেবু মিয়া। তবে উত্তেজিত জনতা কেবলমাত্র লেবু মিয়াকেই আটক করতে সক্ষম হয়েছে। বিশ্বম্ভরপুর থানার ওসি মোঃ আহমদ আলী বলেন,আমরা আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করছি। পরে ঘটনার তদন্তক্রমে আসল রহস্য উদঘাটনের চেষ্টা করবো। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে এ ঘটনার নেপথ্যে অন্য কোন অপরাধ লুকানোর চেষ্টা করা হচ্ছে কিনা বিশ্বম্ভরপুর পুলিশ সে বিষয়টিও অনুসন্ধান করছে।