
সামজাদ জসি
ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পৌরসভাস্থ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। “আমরা মেধা বিকাশে কাজ করি” সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৪৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়। এর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ২৬ জন এবং সাধারণ গ্রেডে ১৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
সংগঠনের আহবায়ক এ টি এম রেজাউল করিম সবুজের সভাপতিত্বে এবং আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবিরের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, রিকন ফার্মাসিউটিক্যালস ও রিকন ল্যাবরেটরিজ-এর প্রধান নির্বাহী ড. মিজানুর রহমান এবং নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মেয়র পদপ্রার্থী গোলাম হোসেন খান ভিপি টিটু।
নূর মোহাম্মদ মিঠু ও ফারজানা আফরোজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ইকবাল হোসাইন, খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিন্টু, সুবর্না বেগম ও লোকমান হোসেন। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে মরিয়ম আক্তার, খাদিজাতুল কোবরা, সারাহ মেহজাবিন পারিশা ও অদিতি দাস।
বক্তারা বলেন, আজকের এই খুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, বরং প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠে দেশের সম্পদে পরিণত হতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তারা শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনামূলক উৎসাহ প্রদান করেন।