
পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি বাস্তবায়নে শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার মাদ্রাসা চত্বরে বৃক্ষরোপণ ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম। মাদ্রাসার অর্থায়নে শিক্ষক ও শিক্ষার্থীকে একটি গাছের চারা প্রদান করা হয়।
শিক্ষকরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকে তোমাদের সবাইকে মাদ্রাসার পক্ষ থেকে একটি করে চারা প্রদান করা হলো। এই একটি চারার পাশাপাশি তোমরা আরো অন্তত একটি করে চারা কিনে চলতি মৌসুমে বাড়ির আঙ্গিনার সুবিধাজনক জায়গায় রোপন করবে। মনে রাখবে, আজকে রোপন করা একটি গাছের চারাই হবে তোমাদের আগামীর বৃহৎ সঞ্চয়। তোমাদের রোপিত বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ নিরাপত্তা দিতে সক্ষম হবে।”
চারা বিতরণ ও বৃক্ষরোপণের সময় সহসুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী হযরত আলী, ফুলেছা খাতুন, সবুজা খাতুন ও সোহাগী বেগম, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, মুক্তা খাতুন, আবু রায়হান, তাহেরা সুলতানা, মোজাহিদুল ইসলাম, আয়শা সিদ্দিকাসহ ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, লাবনী বেগম ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।