
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব ল্যাবরেটরি দিবস উপলক্ষে সারা দেশের মতো সুনামগঞ্জেও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ৯টায় সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, সুনামগঞ্জে গিয়ে শেষ হয়। পরে হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে ল্যাবরেটরির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা ছাড়া সঠিক চিকিৎসা সম্ভব নয়। এ ক্ষেত্রে ল্যাব পেশাজীবীরা নীরবে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রুকন উদ্দিন মোল্লা। প্রবন্ধ উপস্থাপন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ একেএম জাকারিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ মনোয়ার আলী, ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব শাহা এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিদায়ী অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রহিম।
এছাড়া অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী রইছ উদ্দিন, জেলা সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ মো. মইন উদ্দিন, মেডিকেল টেকনোলজিস্ট জোবায়ের হোসেন, জুলকার নাইম, এখলাছুর রহমান, মো. মাসুদ রানা এবং অন্যান্যরা বক্তব্য দেন।
আয়োজকরা জানান, আধুনিক চিকিৎসাব্যবস্থার ভিত্তি হলো সঠিক ও নির্ভুল ল্যাবরেটরি সেবা। রোগ নির্ণয়ের প্রতিটি ধাপে ল্যাব টেকনোলজিস্টদের ভূমিকা অপরিহার্য। প্রযুক্তিনির্ভর আধুনিক স্বাস্থ্যসেবার এই যুগে ল্যাব পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করা সময়ের দাবি।