
শেরপুরের নকলা উপজেলায় সার বিতরণ ব্যবস্থাপনা এবং কৃষি বিভাগের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি খামারবাড়ি) কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সঠিক সময়ে কৃষকদের হাতে সার পৌঁছে দেওয়ার প্রত্যয়ে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নকলা পৌরশহর ও চন্দ্রকোনা বাজারের বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শনের পাশাপাশি সার বিতরণ ব্যবস্থা, ডিলারদের কার্যক্রম এবং কৃষি বিভাগের বিভিন্ন সেবা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সার ডিলারদের স্টক রেজিস্টার ও তাদের গুদামে থাকা সারের বর্তমান মজুত পর্যবেক্ষণ পূর্বক যাচাই করেন। সার বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা, নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে অতিরিক্ত মূল্য আদায় কার হচ্ছে কিনা এবং কৃত্রিমভাবে সার সংকট সৃষ্টি করার সম্ভাবনা তৈরি করা হচ্ছে কিনা এসব বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পরিদর্শনকালে উপজেলা কৃষি কর্মকর্তা, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাসহ সার ডিলারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। কৃষকদের মাঝে নির্ধারিত মূল্যে সার বিক্রির ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম হলে এবং কৃষকদের অযথা হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সাফ জানিয়ে দেন।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, উপজেলার কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার মজুত ও যথাসময়ে সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ডিলারদের স্টক ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। তিনি কৃষকদের উদ্দেশে বলেন, চলতি মাসে নকলা উপজেলায় সারের বরাদ্দে কোনো ঘাটতি নেই। তাই সার নিয়ে কোনো ধরনের উদ্বেগ বা হতাশার কারণ নেই। তিনি সার ব্যবস্থাপনায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং সবাইকে ধৈর্যশীল থেকে নিয়ম মেনে সার সংগ্রহ করার পরামর্শ দেন। এছাড়া সংশ্লিষ্ট সার ডিলারদের প্রতি তিনি সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি প্রতিটি কৃষকের কাছে সার বিক্রির রশিদ প্রদান বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে বলেন।
জেলা কৃষি বিভাগের এ পরিদর্শনের মাধ্যমে সার বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা ও কৃষকদের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসের কর্মরত কর্মকর্তাগন, উপজেলা বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সার ডিলারগন উপস্থিত ছিলেন।
এদিন সার বিতরণ ব্যবস্থাপনা পরিদর্শন ছাড়াও উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত বিভাগীয় পাক্ষিক অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে কর্মরত কৃষি কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিসাসহ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।