
শেরপুরের নকলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম রাব্বী (৪৫) নামে দক্ষ এক ইলেকট্রিক মিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে নকলা-নালিতাবাড়ী মহাসড়কের নিউমার্কেট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম রাব্বী উপজেলার ধনাকুশা ইউনিয়নের বাঁশকান্দা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইলেকট্রিক মিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন। সে এক ছেলে ও এক মেয়ের জনক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাব্বী মোটরসাইকেলে করে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। নকলা পৌরশহরের ব্যস্ততম নিউমার্কেট মোড় এলাকায় রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা অনিয়ন্ত্রিত একটি অটোরিক্সাকে পাশকাটিয়ে যাওয়ার সময় পিছন থেকে আসা জামালপুর থেকে সুনামগঞ্জগামী দ্রুতগামী একটি মিনিপিকআপ (ঢাকা মেট্রো-ন-১৩-১৮২১) তার মোটরসাইকেলে ধাক্কা দিলে সে ছিটকে রাস্তায় পড়ে যায়। এমতাবস্থায় চালক তার পিকআপ থামানোর আগেই পিকআপের চাকায় পিষ্ট হয়ে রাব্বীর মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাব্বীর নিথরদেহ উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. হাবিবুল হক পরীক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট মিনিপিকআপটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। একই সঙ্গে পিকআপটির চালক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামের নুর মোহাম্মদ (২৬)-কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, যেকোন শহরের ব্যস্ততম মোড় গুলোতে অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিক্সা, সিএনজি চালিত অটো রিক্সা, ভ্যান, লড়ির মতো লাইসেন্স বিহীন ও অনভিজ্ঞ চালকদের অঘোষিত স্টেশন উচ্ছেদ করা এখন সময়ের দাবি। নতুবা একের পর এক নির্বিচারে প্রাণ হারাতে হতে পারে অনেক পথিকের এমন আশঙ্কা করছেন সর্বসাধারণ।