
নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী বাজারে অবস্থিত আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে ও আয়োজনে দরিদ্র পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
১১৫টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে হেলথকেয়ার সেন্টার চত্বরে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের কর্তৃপক্ষ। তথ্য মতে, বিতরণকৃত ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, গোল আলু, পিয়াজ ও লবনসহ নিত্যপণ্য রয়েছে।
হেলথকেয়ার সেন্টারটির ব্যবস্থাপক শরিফুল ইসলাম-এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের স্টেক হোল্ডার বিশিষ্ট সমাজ সেবক সাইয়্যেদ খালিদ মহসিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া ও হেলপিং হ্যান্ড ফর রিলিফ এন্ড ডেভলপমেন্ট প্রকল্পের (ফর মুসলিম হিউমিনিটি) সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান।
ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি দিনব্যাপী দন্ত রোগের ও ডায়াবেটিস রোগের চিকিৎসার জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। জানা গেছে, এদিন দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এছাড়া শতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা শেষে বিনামূল্যে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আব্দুল করিম সরকার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও হেলথকেয়ার সেন্টারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা সাধারণ জনগণ, স্থানীয় স্বেচ্ছাসবকগন, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।