
মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জামালগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জামালগঞ্জের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা পর্যালোচনা, জনগুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণ, সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ এবং বিদ্যমান তথ্য যাচাই-বাছাইয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় কর্মশালার মূল বিষয়বস্তু প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন জিআইএস স্পেশালিস্ট বেটস কর্মকর্তা মো. আদনান হোসেন। এ সময় জানানো হয়, এলজিইডির সার্ভে ও তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে জামালগঞ্জ উপজেলার সঙ্গে পার্শ্ববর্তী উপজেলাগুলোর যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করা হয়েছে। এসব সড়ক পর্যায়ক্রমে গুণগত মানসম্পন্ন ও টেকসইভাবে নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপসহ অনেকে।
বক্তারা বলেন, হাওরাঞ্চলের সার্বিক উন্নয়নে একটি কার্যকর ও টেকসই গ্রামীণ সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সময়ের দাবি। পরিকল্পিত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণে গতি আসবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন নাগরিক সেবায় মানুষের প্রবেশাধিকার আরও বাড়বে। তাই জনগুরুত্বপূর্ণ সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
কর্মশালায় জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাহের মিয়া, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী সারফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।