
শেরপুরের নকলা কমিউনিটি গ্রুপ (সিজি) সদস্যদের ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ৭নং টালকী ইউনিয়নের টালকী কমিউনিটি ক্লিনিকে এই ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়।
স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত এবং ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় পরিচালিত মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরন পরিবর্তন (এসবিসি) প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রমের অংশ হিসেবে এই ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির নকলা উপজেলা শাখার সমন্বয়কারী নার্গিস আক্তাররের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ ও স্বাস্থ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে সমন্বিত উদ্যোগ এবং সিজি সদস্যদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয়াবলী তুলে ধরেন। তারা গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসূতি মাদের গর্ভকালীন সেবা, প্রসব পরবর্তী সেবা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন ও প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসবসহ মা ও শিশুদের স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন। একাজে সিজি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
এসময় স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার (সিএইচসিপি), স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীসহ কমিউনিটি গ্রুপ (সিজি)-এর অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।