
সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান।
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মসূচির কর্মকর্তা খাইরুল ইসলাম-এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সুলতান আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জসিম উদ্দিন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া এবং বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা আহ্বায়ক জুবায়ের আহমদসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনুপ্রেরণার উৎস। তাঁদের স্মৃতিকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ। একই সঙ্গে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়েও জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।