
শান্তিগঞ্জ প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ কিন্ডারগার্টেনের ছাত্রী সানজিদা আক্তার শোভা।
সম্প্রতি প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফলে এ কৃতিত্ব অর্জন করে সানজিদা আক্তার শোভা। তার এ সাফল্যে বিদ্যালয়, পরিবার এবং এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা শোভাকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
সানজিদা আক্তার শোভার বাড়ি জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের আবুরহাটি গ্রামে।তার বাবা আবুল কালামের চাকরিসূত্রে তারা শান্তিগঞ্জে বসবাস করে।পরিবারের সদস্যদের মতে, শোভার এ সাফল্যের পেছনে তার মা মোছা. শাবানা আক্তারের অক্লান্ত পরিশ্রম, আন্তরিক পরিচর্যা ও নিয়মিত তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
শোভার বাবা-মা সকলের কাছে দোয়া চেয়ে বলেন, তাদের দুই সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে পারে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সচেতন মহলের মতে, সানজিদা আক্তার শোভার এই অর্জন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এদিকে শোভাও সকলের কাছে দোয়া কামনা করেছে, যাতে ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হিসেবে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে।
উল্লেখ্য সানজিদা আক্তার শোভা বড় হয়ে মানবিক ডাক্তার হতে চায়।