
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মাদ্রাসা প্রাঙ্গণে একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম। এ সময় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের পাশাপাশি রোপিত চারার যথাযথ পরিচর্যা এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের পরিবেশগত ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষকরা বলেন, “তোমরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়ির আঙিনা কিংবা সুবিধাজনক স্থানে অন্তত একটি করে গাছের চারা রোপণ করবে এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেটিকে বড় করে তুলবে। মনে রেখো, আজ যে চারাটি রোপণ করবে, সেটিই একদিন তোমাদের মূল্যবান সম্পদে পরিণত হবে। একটি গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি ভবিষ্যতে পরিবারকেও অর্থনৈতিক ও প্রাকৃতিক নিরাপত্তা দিতে সহায়ক ভূমিকা রাখবে।”
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতা রানা মিয়া, মাদ্রাসার সহসুপার মাওলানা মো. ফজলুল করিম, সহকারী শিক্ষক শওকত আলী, মাহাদী মাসুদ, আবু রায়হান, মোজাহিদুল ইসলাম, উজ্জল মিয়া ও আরিফ হোসেন, দশম শ্রেণির শিক্ষার্থী নাফিজ এবং নবম শ্রেণির শিক্ষার্থী শিমুল মিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা ও জেসমিন আক্তার; সহকারী মৌলভী হযরত আলী, ফুলেছা খাতুন, সবুজা খাতুন ও সোহাগী বেগম, সহকারী শিক্ষক মুক্তা খাতুন, তাহেরা সুলতানা, আয়শা সিদ্দিকা, ইয়াছিন আহাম্মেদ ও লাবনী বেগমসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা।