
আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূরের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ফ্যাসিস্টদের পুনর্বাসন ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট ) উপজেলা পরিষদ গেইটের সামনে ফ্যাসিবাদ বিরোধী সচেতন নাগরিকদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রুকনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাজাহান, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল গফফার, বাংলাদেশ খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা কাজী রশীদ আহমদ,ইসলামি আন্দোলন জামালগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ কামাল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা,যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা আলতাফুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ মোঃ লিয়াকত, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আসাদ নূর সাদী, তোফায়েল আহমদ ও আবু সুফিয়ান প্রমূখ।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ৫ আগস্টের পর সারা দেশে পরিবর্তন হলেও জামালগঞ্জে কোনো পরিবর্তন হয়নি। ফ্যাসিস্টদের বিদায়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সাফল্য নষ্ট হতে দেওয়া হবে না।
বক্তারা হুঁশিয়ারি দেন, অবিলম্বে ইউএনওকে প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনে নামা হবে। প্রয়োজনে ইউএনও অফিস ঘেরাওসহ টেনে-হেঁচড়ে বিদায় করার ঘোষণা দেন তারা। জামালগঞ্জবাসী কোনো ফ্যাসিস্ট মেনে নেয়নি, নেবে না বলেও সতর্ক করেন বক্তারা।