রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরের বুকে ক্রিকেটের স্বপ্ন, হাজারো দর্শকের ভালোবাসায় শেষ হলো গাগলী সুপার লীগ শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, অংশ নিয়েছে ২ হাজার ১০ শিক্ষার্থী মধ্যনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নারী-পুরুষসহ অন্তত আহত ২৫ নকলায় শীতের শুরুতেই শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ জামালগঞ্জে টোল আদায়ে বাধা ও কালেক্টরদের হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান ইজারাদাররা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ নকলায় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাসিরনগরে শিক্ষক সংকটে টালমাটাল প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্তদের কাঁধে জোড়াতালির কার্যক্রম, বিপন্ন শিক্ষার্থীদের ভবিষ্যৎ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
৬০

সামজাদ জসি

ব্যুরো চিফ ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তীব্র শিক্ষক সংকটে ভেঙে পড়ার উপক্রম হয়েছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় জোড়াতালির মাধ্যমে চলছে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম। এতে একদিকে যেমন কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ব্যাহত হচ্ছে, তেমনি বাড়তি কাজের চাপে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন কর্মরত শিক্ষকরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নাসিরনগরে মোট ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ ৭৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই এবং ৫২টি সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় ৭৫টি বিদ্যালয়েই সহকারী শিক্ষকদের ওপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব বর্তেছে। ফলে একদিকে দাপ্তরিক কাজ, প্রশিক্ষণ ও সভা; অন্যদিকে নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান—সব মিলিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা।

শূন্য পদের সরাসরি প্রভাব পড়ছে শ্রেণিকক্ষের পাঠদানে। উপজেলার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, তাদের বিদ্যালয়ে ৩৬৪ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র পাঁচজন। এর মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের একটি করে পদ শূন্য থাকায় পাঠদান চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

একজন শিক্ষককে একসাথে দুই-তিন ক্লাস সামলাতে হচ্ছে। বাচ্চাদের ঠিকমতো পড়ানো যাচ্ছে না, এটা আমাদের জন্য খুবই কষ্টের। অতিরিক্ত দায়িত্বের ভারে শিক্ষকদের মানসিক স্বাস্থ্যের অবনতির চিত্রও উঠে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্ষেপ করে বলেন, “আমার চাকরির আরও ২০ বছর বাকি। কিন্তু এভাবে প্রতিনিয়ত মানসিক চাপ ও দুশ্চিন্তার মধ্যে কাজ করলে হয়তো ১০ বছরও টিকে থাকা সম্ভব হবে না।”

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নেছার আহম্মদ বলেন, শূন্য পদের কারণে সহকারী শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা দাপ্তরিক কাজ, প্রশিক্ষণ ও মিটিংয়ে ব্যস্ত থাকায় নিয়মিত ক্লাস নিতে পারছেন না, যার নেতিবাচক প্রভাব পড়ছে বাকি শিক্ষকদের ওপর এবং সর্বোপরি শিক্ষার্থীদের পড়াশোনায়।

বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়নে স্থায়ী প্রধান শিক্ষকের অনুপস্থিতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নাসিরনগর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. ইলিয়াস মিয়া বলেন, প্রধান শিক্ষকের অভাবে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান, দায়িত্ব বণ্টন এবং সার্বিক তদারকিতে নানা জটিলতা তৈরি হচ্ছে। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যাচ্ছে না, যা নিয়ে অভিভাবকদের মধ্যেও দুশ্চিন্তা বাড়ছে। তিনি দ্রুত স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানান।

ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনে করেন, মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য প্রতিটি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক থাকা জরুরি। ভারপ্রাপ্তদের দিয়ে প্রশাসনিক ও পাঠদান—উভয় কাজ সামলাতে গিয়ে শিক্ষার স্বাভাবিক গতি নষ্ট হচ্ছে। এমনকি জাতীয়করণকৃত অনেক বিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকেও প্রধান শিক্ষক দেওয়া হয়নি বলে জানান তিনি।

এদিকে হাওর অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ বাস্তবতাকে সংকটের অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সমাজসেবক লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, শহরাঞ্চলের বিদ্যালয়ে পদ শূন্য হলে সহজেই বদলির মাধ্যমে পূরণ হয়; কিন্তু হাওরবেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন নাসিরনগরের বিদ্যালয়গুলোতে বদলি হয়ে আসতে চান না শিক্ষকরা। এতে শূন্য পদের সংখ্যা বাড়ছে এবং শিক্ষকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত সমাধান না হলে প্রাথমিক শিক্ষা আরও পিছিয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়া জানান, নীতিমালা অনুযায়ী প্রধান শিক্ষকের ৬৫ শতাংশ পদোন্নতির মাধ্যমে এবং ৩৫ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের বিধান রয়েছে। দীর্ঘদিন ধরে সরাসরি নিয়োগ বন্ধ থাকায় প্রধান শিক্ষকের পদগুলো খালি রয়েছে। এ বছর ৮ জন সহকারী শিক্ষক যোগ দিলেও আরও ৫২টি পদ শূন্য থাকায় পাঠদানে বিঘ্ন ঘটছে। তবে শূন্য পদ পূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাওরাঞ্চলের কোমলমতি শিশুদের ভবিষ্যৎ রক্ষায় কেবল আশ্বাসে নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, অবিলম্বে শূন্য পদগুলোতে স্থায়ী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ দিতে হবে; অন্যথায় পিছিয়ে পড়া এ জনপদের প্রাথমিক শিক্ষা আরও বড় বিপর্যয়ের মুখে পড়বে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102