সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬ আয়োজনের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর শহরের ষোলঘর ক্রিকেট স্টেডিয়াম মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আইরা অ্যান্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্ট ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে আসন্ন বাণিজ্য মেলার প্রস্তুতিমূলক কার্যক্রমের সূচনা করা হয়। আয়োজকরা জানান, চলতি মাসে মাঠ সাজানোর কাজ শুরু হবে। প্রস্তুতিমূলক কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামছুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চেম্বারের সহ-সভাপতি এনামুল হক এনাম, চেম্বারের সদস্য রেজাউল করিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কাজী নাসিম উদ্দিন লালা, সুনামগঞ্জ জেলা জুলাই যোদ্ধা কমিটির আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজু, জেলা যুবদলের সহ-সভাপতি মো. আমানুল হক রাসেল, মোহাম্মদ শামছুদোহা, মানবাধিকারকর্মী কাজী জাহান, জেলা যুবদলের সদস্য শামসুল ইসলাম পারভেজ এবং তরুণ সমাজসেবক ও ক্রীড়াবিদ মো. জালাল উদ্দিন প্রমুখ।
এ সময় আইরা অ্যান্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজক কমিটির ফকরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক হিরো, মো. আতিকুর রহমান আতিক ও মো. জাকির হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মো. সামছুল হক বলেন, বাণিজ্য মেলা থেকে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। তবে মেলা আয়োজনের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের ভিত্তিতেই মেলার কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, মেলা চলাকালে স্কুল-কলেজের সময়সূচি এবং আজান ও নামাজের সময় অবশ্যই বিবেচনায় রাখতে হবে। আয়োজকদের এসব বিষয় মেনে মেলা পরিচালনা করতে হবে। পাশাপাশি মেলায় কোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ড পরিচালিত হবে না বলেও সাংবাদিকদের আশ্বস্ত করেন তিনি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মেলার সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।##
সুনামগঞ্জ থেকে
মোঃ আফজাল হোসেন
তাং ০৯/১০/২০২৬ইং