মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::
‎সুনামগঞ্জের জামালগঞ্জে গ্রামীণ জনপদের অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে এবং জামালগঞ্জ শাখার দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)-এর সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
‎
‎সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জামালগঞ্জ বসুন্ধরা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
‎
‎জামালগঞ্জ শাখা ব্যবস্থাপক সুব্রত তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) নেত্রকোনা দক্ষিণ জোনের সহকারি পরিচালক শরিয়ত উল্লাহ, আঞ্চলিক ব্যবস্থাপক (সুনামগঞ্জ-০১ অঞ্চল) রাখাল চন্দ্র সূত্রধর এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, “চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। অর্থের অভাবে অনেক অসচ্ছল মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা করাতে পারেন না। এ ধরনের বিনামূল্যের চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অসহায় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।”
‎তিনি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আয়োজনের জন্য ডাচ্-বাংলা ব্যাংক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও আয়োজকদের ধন্যবাদ জানান।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এম.এস. মোর্শেদ তালুকদার (মনু), অবসরপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক রনজিত কুমার সরকার, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দ এবং এলাকার দরিদ্র জনগোষ্ঠীর লোকজন।
‎
‎আয়োজকরা জানান, দিনব্যাপী চক্ষু ক্যাম্পে মোট ১২০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। তাদের মধ্যে ৩৫ জন ছানি পড়া রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য সুনামগঞ্জের ভার্ড চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎ক্যাম্পটির অর্থায়ন করেছে ডাচ্-বাংলা ব্যাংক, সার্বিক সহযোগিতায় রয়েছে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) এবং চক্ষু ক্যাম্প পরিচালনা করেছে ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ।
‎