সুনামগঞ্জ প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ‘স্মৃতিতে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা/নিবন্ধ লিখন কর্মসূচিতে অংশ নিয়ে সনদপত্র পেয়েছে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্র এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী শিক্ষার্থী ও প্রতিযোগীরা অংশগ্রহণ করে।

কর্মসূচিতে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষ থেকে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারকে একটি সনদপত্র প্রদান করা হয়েছে।

পাঠাগারের সভাপতি শেখ একেএম জাকারিয়াসহ সংশ্লিষ্টরা জানান, জাতীয় গ্রন্থকেন্দ্রের এ কর্মসূচিতে অংশগ্রহণ এবং সনদপত্র পাওয়া গণপাঠাগারের জন্য আনন্দের ও গর্বের। সাহিত্য ও সংস্কৃতিচর্চার পাশাপাশি জাতীয় বিভিন্ন কর্মসূচিতে গণপাঠাগারের অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।