দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার ০৫ নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন দিরাই উপজেলা যুবদল নেতা নাহিদ মোশাররফ। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করে আসায় স্থানীয় ভোটারদের মাঝে তাঁকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে।
আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নাহিদ মোশাররফ বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই আমি আমার জন্মভূমি সরমঙ্গল ইউনিয়নের সাধারণ মানুষের পাশে আছি। সুখে-দুঃখে সাধ্যমতো তাদের সহযোগিতায় কাজ করে যাচ্ছি। দলীয় পরিচয়ের বাইরে নিজের উদ্যোগে এলাকার বিভিন্ন সমস্যায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে নিজের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি জানান, প্র্রান্তিক ও দুর্গম ভাটি এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থার উন্নয়নে তিনি কাজ করতে চান। বিশেষ করে দিরাই উপজেলা সদর থেকে উগদল হাওর হয়ে সরমঙ্গল ইউনিয়ন পর্যন্ত যাতায়াতকারী মানুষের ভোগান্তি লাঘবে তিনি সচেষ্ট রয়েছেন। গত বছর হাওরের মধ্যবর্তী ছোট নদীর ওপর জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়লে নিজ উদ্যোগে তাৎক্ষণিকভাবে সাঁকোর ব্যবস্থা করেছিলেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আমি আজীবন আমার সরমঙ্গল ইউনিয়নের সাধারণ মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই, যেন মৃত্যুর পরও ইউনিয়নবাসী আমাকে স্মরণ করে।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, নাহিদ মোশাররফ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। দুর্দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে তাঁর এই সক্রিয় ভূমিকার কারণে স্থানীয় সচেতন মহলে তাঁকে নিয়ে ইতিবাচক সাড়া মিলছে।
নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঠিক বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই সম্ভাব্য প্রার্থী। সরমঙ্গল ইউনিয়নকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত আধুনিক পরিষদে রূপান্তর করাই তাঁর মূল লক্ষ্য।
ইউনিয়নের শান্তি, অগ্রগতি ও সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাহিদ মোশাররফ।