শেরপুরে ডা. সেরাজুল হক স্মৃতি মেধাবৃত্তি বিতরণ ও গুণী সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রীবরদী কল্যাণ সমিতির উদ্যোগে ১৭১ মেধাবীর মাঝে বৃত্তি বিতরণ ও ২ জনকে গুণী সংবর্ধনা দেওয়া হয়।

জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম রেজাউল করিম খান, শেরপুরের পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম মামুনুর রশিদ পলাশ ও শ্রীবরদী কল্যাণ সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী কল্যাণ সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন বাদল।

এদিন শ্রীবরদী উপজেলার পঞ্চম, অষ্টম, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেধার সাক্ষররাখা ১৭১ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও শিক্ষণীয় বই উপহার দেওয়ার পাশাপাশি উপজেলার সেরা ৬ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ডা. সেরাজুল হক স্মৃতি পরিষদের অন্যতম পৃষ্ঠপোষক শেরপুর-৩ আসনের সাবেক এমপি প্রয়াত ডা. সেরাজুল হকের ছেলে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম রেজাউল করিম খান-কে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা উপকমিটির সদস্য সচিব ও শ্রীবরদী কল্যাণ সমিতির সমাজ কল্যাণ সম্পাদক কবি হাসান শরাফত-এঁর সঞ্চালনায় মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তি প্রদান উপকমিটির আহবায়ক অধ্যাপক আছমত আলী ও সদস্য সচিব মো. মাসুদ রানা, সংবর্ধনা উপকমিটির আহবায়ক গোলাম সাকলায়েনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়ালেখায় উদ্বুদ্ধ করতে তাদের মাঝে এই মেধাবৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা জানান।