শেরপুরের নকলা পৌরসভার ১নং ওয়ার্ডের মাউড়া এলাকার নিজ বাড়ি থেকে শ্রী সন্ধ্যা রানী (১৩) নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ৩১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। এখনো তার খোঁজ মিলেনি। সে মাউড়া এলাকার শ্রী পরেশ ও শ্রী কুসুলী দম্পতির ৩ মেয়ে ও এক ছেলের মধ্যে তৃতীয় সন্তান। নিখোঁজ শ্রী সন্ধ্যা রানী স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

এবিষয়ে সন্ধ্যার বাবা পহেলা সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে নকলা থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেছেন, জিডি নং: ২০। জিডি সূত্রে জানা গেছে, সন্ধ্যার গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি, ওজন প্রায় ৩৮ কেজি। হারানোর সময় তার গায়ে সাদা রঙের জামা, কালো রঙের পাজামা ও গাঢ় নীল রঙের ওড়না ছিলো।

মঙ্গলবার সরজমিনে দেখাযায় সন্ধ্যা রানীর বাবা-মা সন্তান হারানোর বেদনায় কাতর। কথা বলতে গিয়ে তারা কান্নায় ভেঙ্গে পরেন। পরিবার, সূত্রে জানা গেছে, শ্রী সন্ধ্যা রানী মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গরমের কারনে পড়ার টেবিল থেকে উঠে ঘরের বাহিরে বের হয়। এরপরে ঘরে ফিরতে দেড়ি দেখে তার মা সন্ধ্যার নাম ধরে ডাকতে থাকেন। ডাকের সাড়া না পেয়ে পরিবারের সবাই তাকে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সকল জায়গায় সারা রাত খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় নিখোঁজ হওয়ার জিডি করেন সন্ধ্যার বাবা পরেশ।

এবিষয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট নকলা উপজেলা শাখার সভাপতি শ্রী নয়ন চন্দ্র শীল জানান, আমরা বিষয়টি রাতে শুনেছি এবং রাতেই নিখোঁজ শিক্ষার্থীর বাবা-মাসহ পরিবারের সবার সাথে দেখা করে আইনশৃঙ্খলা বাহিনীর উপর ভরসা করার পরামর্শ দিয়েছি। বিষয়টি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে থানায় জিডি করার পরামর্শ দেওয়ার পরে মঙ্গলবার সকালে পরিবারের পক্ষ থেকে হারানো বিষয়ক একটি জিডি করা হয়েছে। স্কুল পড়ুয়া সম্পূর্ণভাবে সুস্থ্য-সবল একটি মেয়ে হারানোর ঘটনাটি অপহরণ না-কি প্রেম সংশ্লিষ্ট কোন বিষয় তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান। তিনি বলেন ‘আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ঘটনাটি অপহরণ বিষয়ক হলে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুতই শিক্ষার্থী শ্রী সন্ধ্যা রানীকে উদ্ধার করাসহ অপরাধীকে আইনের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে আইনশৃঙ্খলা বাহিনী। তাছাড়া প্রেম সংশ্লিষ্টতার কারনে স্বেচ্ছায় পালিয়ে গিয়ে থাকলেও মেয়ে অপ্রাপ্ত হওয়াতে প্রচলিত আইন বহির্ভুত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই নিখোঁজ সন্ধ্যাকে উদ্ধার করবেন। এক্ষেত্রে সন্তান হারানো পরিবারকে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শমূলক সহযোগিতা দেওয়া হচ্ছে।’

এবিষয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ.এম রেজাউল করিম জানান, শ্রী সন্ধ্যা রানী অষ্টম শ্রেণির একজন নিয়েমিত শিক্ষার্থী ও শান্ত স্বভাবের মেয়ে। তবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সে স্কুলে আসেনি বলেও তিনি নিশ্চিত করেছেন।

থানার পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার ১নং ওয়ার্ডের মাউড়া এলাকার শ্রী পরেশের মেয়ে শ্রী সন্ধ্যা রানী (১৩) নিজ বাড়ি থেকে হারিয়ে যাওয়ার বিষয়ে মঙ্গলবার থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করা হয়েছে। তাকে উদ্ধারে ইতিমধ্যে বিষয়টি জানিয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। বিভিন্ন মাধ্যমে স্থানীয় ভাবেও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে সূত্রটি জানায়।