শান্তিগঞ্জ প্রতিনিধিঃ

সনাতন ধর্মের চিরন্তন আদর্শ, ধর্মীয় মূল্যবোধ, মানবসেবা, নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধকে ধারণ করে গৌরবময় ১৫ বছরের পথচলা পূর্ণ করেছে তরুণ সনাতন সংঘ (টিএসএস)।

সংগঠনের ১৫ বছর পূর্তি উপলক্ষে সিলেটে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পবিত্র গীতাপাঠ, আলোচনা সভা, সমবেত প্রার্থনা ও প্রসাদ বিতরণ।

শুক্রবার (২৮ আগস্ট) সিলেট মহানগরের মীরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর মন্দিরে টিএসএস কেন্দ্রীয় কমিটি ও সিলেট মহানগর কমিটির সার্বিক তত্ত্বাবধানে এ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতার অমৃতবাণী পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। গুরুকূল জ্ঞান গৃহের ছাত্র-ছাত্রীদের সম্মিলিত কণ্ঠে গীতাপাঠে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় এক পবিত্র, শান্ত ও ভাবগম্ভীর পরিবেশ। গীতার শাশ্বত বাণীকে হৃদয়ে ধারণ করে সত্য, ন্যায়, ধর্ম, মানবতা ও পরোপকারের আদর্শে তরুণ সমাজকে আলোকিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দ্বীপ রায়ের সভাপতিত্বে এবং প্রিয়াংকা দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নৃপেন্দ্র দাশ, গৌরপদ রায়, দিলীপ কুমার দাশ, মৃণাল কান্তি চৌধুরী, নিপ্রেশ তালুকদার (রানু), দীপক দে, কুমুদ রঞ্জন তালুকদার, কাকলি বৈষ্ণব, সোমা চৌধুরী ও অনন্ত সূত্রধর।
আলোচনায় বক্তারা বলেন, ধর্ম কেবল আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; ধর্মের প্রকৃত শিক্ষা হলো সত্য, ন্যায়, মানবতা, দয়া, পরোপকার ও জীবসেবার আদর্শে নিজেকে নিয়োজিত করা। শ্রীমদ্ভগবদ্গীতার শাশ্বত জ্ঞান ও সনাতনী সংস্কৃতির মহৎ আদর্শকে ধারণ করে তরুণ প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের পথচলায় তরুণ সনাতনী সংঘ ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছে। ভবিষ্যতেও সনাতন ধর্মের শাশ্বত আদর্শকে ধারণ করে সমাজ ও মানবকল্যাণে টিএসএস-এর কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শুভ মল্লিক, জিতু দাশ, বিবেক কর্মকার,রঞ্জু দে, প্রবালরায় সহ টিএসএস-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য, শুভানুধ্যায়ী এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।
পবিত্র গীতাপাঠ, ধর্মীয় আলোচনা, সমবেত প্রার্থনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয় তরুণ সনাতন সংঘের ১৫ বছর পূর্তির এই আয়োজন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও উচ্চারিত হয় সনাতন ধর্মের সেই চিরন্তন আহ্বান—সত্য, ধর্ম, মানবতা ও সেবার পথে এগিয়ে চলা।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলে প্রার্থনা—তরুণ সনাতনী সংঘের পথচলা হোক আরও সুদৃঢ়, কল্যাণময় ও আলোকিত। লোককল্যাণ ও ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠায় সংগঠনটি আগামী দিনগুলোতেও নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে এগিয়ে যাক—এই হোক সকলের প্রার্থনা।