শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) পদে কৃষিবিদ আব্দুল ওয়াদুদ যোগদান করায় খুশি হয়েছেন কৃষক-কৃষানী, সার-বীজ ডিলার ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দসহ কৃষি সংশ্লিষ্ট সবাই। তাঁর মতো একজন কৃষি কর্মকর্তা পাওয়া যেকোন উপজেলার কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নের জন্য আর্শীবাদ বলে মনে করেন তারা।

২৫ আগস্ট (মঙ্গলবার) শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা হিসাবে কাজে যোগদান করেন কৃষিবিদ আব্দুল ওয়াদুদ। এদিন সকালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নিয়েছেন উপজেলা কৃষি অফিসে ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন। কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান শেরপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে বদলী হওয়ায় কৃষিবিদ আব্দুল ওয়াদুদ তাঁর স্থলাভিষিক্ত হলেন।

এনিয়ে নকলায় তৃতীয় বারের মতো কৃষি অফিসে তিনি কাজে যোগদান করলেন। এরপূর্বে তিনি নকলা উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও পরে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এবার নকলায় যোগদানের আগে সিলেট বিভাগের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে সবার মনে ঠাঁই করে নিয়েছেন।

তথ্য মতে, কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ৩২তম বিসিএস’র মাধ্যমে ২০১৩ সালে কৃষি ক্যাডার ভূক্ত হয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতায় নোয়াখালীর চাটখিল উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে প্রথম কর্মজীবন শুরু করেন। পরে শেরপুর জেলার নকলা উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপরে অতিরিক্ত কৃষি কর্মকর্তা পদে পদোন্নতি পেয়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার যোগদান করেন। সেখানে ২০২১ সালের ৮ জুন পর্যন্ত কর্মরত ছিলেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তা পদে পুনরায় পদোন্নতি পেয়ে ২০২১ সালের ৯ জুন শেরপুর জেলার নকলায় উপজেলা কৃষি কর্মকর্তা হিসাবে দ্বিতীয় বারের মতো যোগদান করেন এবং ২০২৩ সালের ২৪ এপ্রিল পর্যন্ত নকলাতে কর্মরত ছিলেন। এরপরে ২০২৩ সালের ২৫ এপ্রিল হতে ২০২৫ সালের ২৫ মার্চ পর্যন্ত শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা কৃষি কর্মকর্তা; অত:পর ২০২৫ সালের ২ জুলাই হতে ২০২৬ সালের ২৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন। সবশেষে পুনরায় তৃতীয় বারের মতো চলতি মাসের ২৫ তারিখে তথা (২৫ আগস্ট, মঙ্গলবার) শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তা হিসাবে কাজে যোগদান করেন।

তাঁর নকলায় যোগদানকে কেন্দ্র করে উপজেলার কৃষক-কৃষানী, কৃষক সংগঠন ও কৃষি সংশ্লিষ্ট সকলের মনে কৃষির সার্বিক উন্নয়নের আশার সঞ্চার হয়েছে। নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদকে অগণিত কৃষক-কৃষানী, কৃষক সংগঠনের নেতৃবৃন্দ, এমনকি রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবপেশা শ্রেণির জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

কৃষক-কৃষানীসহ জনগণের ভালোবাসার এমন বহি:প্রকাশের বিষয়ে কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন ‘সরকারের ক্ষুদ্র একজন কৃষি কর্মকর্তা হিসেবে এটাই আমার সর্ববৃহৎ প্রাপ্তি।’ পূর্ববর্তী কর্মস্থলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তার পূর্ববর্তী প্রতিটি কর্মস্থলের কৃষক-কৃষানীসহ সর্বসাধারণ তাকে মনেপ্রাণে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন।

নকলায় বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের আংশিক সভাপতি শাহিনুর আলম জানান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ শতভাগ কৃষি ও কৃষক বান্ধব কর্মকর্তা। তার কর্মস্পৃহা, নিষ্ঠা, সততা ও প্রশাসনিক দক্ষতা অন্য সবার তুলনায় কিছুটা হলেও উন্নত ও ভিন্নমাত্রার। সংগঠটির সাধারণ সম্পাদক নাহিদুর রহমান জানান, কৃষিবিদ আব্দুল ওয়াদুদের সুচিন্তিত পরামর্শের ফলশ্রুতিতে নকলার কৃষি বিভাগের সার্বিক উন্নয়ন এবং কৃষকের আর্থসামাজিক উন্নয়নসহ কৃষিতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এতেকরে পিছিয়ে থাকা গ্রামীন কৃষকদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে বলে তিনি মন্তব্য করেন।

ভূরদী খন্দপকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্জ মো. ছায়েদুল হক জানান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদসহ হাতে গুনা দুই-একজন কৃষি কর্মকর্তা ছাড়া আজ পর্যন্ত কেউ তাদের সংগঠনের কৃষকদের কৃষি বিষয়ক পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেওয়ার নজির নেই। এমনকি এই সংগঠনের কৃষকদের দেওয়া হতোনা সরকারের কোন প্রণোদনাও। তিনি বলেন ‘এখন কৃষি কর্মকর্তা ওয়াদুদ স্যার আসায় আশা করা যায় প্রকৃত কৃষকের সমন্বয়ে গঠিত এই সংগঠনের কৃষকরা কিছুটা হলেও উপকারভোগী হবেন।

অনেকে জানান, তাঁর প্রতিটি বদলি সংশ্লিষ্ট উপজেলার কৃষক-কৃষানী, কৃষক সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বসাধারনের মনে কুঠারাঘতের সামিল বলে মনে হতো; যা বিদায় অনুষ্ঠানে সবাই সুস্পষ্ট বুঝতে পারতেন। প্রতিটি কর্মস্থলের বিদায় অনুষ্ঠানে উপস্থিত অনেকে আবেগাপ্লুত হয়ে পড়তেন। কৃষক-কৃষানীর এমন অকৃত্তিম ভালোবাসা ও শ্রদ্ধা পাওয়ার এধারা অব্যাহত রাখতে সবার কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।