শেরপুরের নকলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়া থামাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে হুজুরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে নকলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কায়দা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত হুজুরা বেগম কায়দা গ্রামের মাইন উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন কামরুল হাসান (১৫), হাসু মিয়া (৪৫), সোবহান মিয়া (৩৫) ও মাইন উদ্দিন (৬৩)।

প্রতিবেশী রিজন ও জাহানারা বেগমসহ স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে দুই শিশুর খেলাধুলা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে তাদের পরিবারের সদস্য ও প্রতিবেশীর মধ্যে পক্ষে-বিপক্ষের দুটি গ্রুপ তৈরি হয়ে ঝগড়াটি বড় আকার ধারন করে। এই ঝগড়া থামাতে এগিয়ে যান বৃদ্ধা হুজুরা বেগম। একপর্যায়ে তার মাথায় লাঠির আঘাত লেগে সে গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, কায়দা গ্রামে ছোট শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়া থামাতে গিয়ে হুজুরা বেগম নামে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক ঘটনার তথ্য-উপাত্ত ও আলামত সংগ্রহ করেছে। লিখিত অভিযোগ পেলেই ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হবে। তবে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।