কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে অনুষ্ঠিত পথসভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সুশাসন, জবাবদিহিতা এবং বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা থানা সদর পয়েন্টে অনুষ্ঠিত এ পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাঠোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহসুদা মিতু এবং জেলা এনসিপির নেতা আব্দুল ওয়াদুদ শিপন।

বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে দখলবাজি, টেন্ডারবাজি ও চাঁদাবাজির সঙ্গে বিএনপির কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তারা বলেন, অল্পসংখ্যক ব্যক্তির কর্মকাণ্ডের কারণে পুরো দল সমালোচনার মুখে পড়ছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

পথসভায় আরও বলা হয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের এনসিপির নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে কোম্পানীগঞ্জের পথসভা সমাপ্ত করে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরবর্তী পথসভায় অংশ নিতে গোয়াইনঘাট উপজেলার উদ্দেশে রওনা দেন।