স্টাফ রিপোর্টার:

সিলেটের জৈন্তাপুর উপজেলার জালালবস্তি এলাকায় উপজেলা প্রশাসন ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ আশরাফ আহমদ (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে পরিচালিত এ অভিযানে তাকে আটক করে পুলিশ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আশরাফকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৯ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) উছমান গনি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।