তাহিরপুর প্রতিনিধি :

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে তাহিরপুর উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে তারা নৈরাজ্য, সহিংসতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তুজাম্মেল হক নাসরুম, তাহিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেবাশীষ সরকার ও রাহাত হাসান রাব্বি, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, উপজেলা ছাত্রদল নেতা জানে আলম, আবুল হাসনাত রাহুল এবং জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইয়াসিনসহ অন্যান্য নেতাকর্মীরা।