নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে আরও মনোযোগী করে তোলা এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী এক আয়োজন করেছে ডপস। সংগঠনটির উদ্যোগে নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত সদস্য শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে পড়ালেখায় উদ্বুদ্ধকরণ সভা, শিক্ষা উপকরণ বিতরণ এবং মূল্যায়ন পরীক্ষা।

শুক্রবার (১৯ জুন) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার গণপদ্দী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মোট ৫৪ জন ডপস সদস্য শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং পরবর্তীতে তাদের শিক্ষাগত অগ্রগতি যাচাইয়ের জন্য একটি মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়।

ডপসের প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন মিয়া, বিএসপি-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণপদ্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজমুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মঈনউদ্দীন আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী নাছের আহমেদ আরিফ।

বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। নিয়মিত অধ্যয়ন, সময় ব্যবস্থাপনা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত শক্তি তার মেধা, অধ্যবসায় ও নৈতিকতার মধ্যে নিহিত। এসব গুণাবলির সমন্বয়ে একজন শিক্ষার্থী শুধু নিজের ভাগ্যই নয়, পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন আয়োজনকে সময়োপযোগী ও উৎসাহব্যঞ্জক বলে অভিহিত করে। তারা জানান, শিক্ষা উপকরণ পাওয়ার পাশাপাশি অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা ও মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ তাদের পড়ালেখার প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের দাবি জানান তারা।

আলোচনা পর্ব শেষে আয়োজিত মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার বর্তমান অবস্থা যাচাই করা হয় এবং তাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। এতে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি আগামী দিনের জন্য নতুনভাবে পরিকল্পনা করার সুযোগ পায়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণ এবং মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ডপস দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থীদের জন্য আরও বৃহৎ পরিসরে এমন মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে।