নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় ২০২৬ বিশ্বকাপ ফুটবলা উদযাপন উপলক্ষে ব্রাজিল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।

শনিবার বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ব্রাজিলের ছোট-বড় পতাকা ও ব্যানার হাতে নিয়ে শোভাযাত্রাটি বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া বিভিন্ন বয়স ও পেশার শতাধিক সমর্থক ব্রাজিলের জার্সি ও পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দলটির বিজয় কামনায় বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় বিভিন্ন রকম বাঁশি ও সাউন্ড সিস্টেমের তালে তালে নাচ-গানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমর্থকদের আনন্দ-উল্লাস দেখতে সড়কের দুই পাশে উৎসুক মানুষ ভিড় করেন।

মিছিল শেষে ব্রাজিল সমর্থকদের মধ্যে অনেকে বলেন “বিশ্ব নন্দিত ব্রাজিলের ফুটবল টিমের প্রতি ভালোবাসা ও সমর্থন থেকেই নিজেদের অর্থায়নে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।” উপজেলার বিভিন্ন এলাকার সমর্থকগন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। শোভাযাত্রার বিষয়টি গতকালকেই সমর্থকদের মধ্যে জানাজানি হয়। শোভাযাত্রা শুরুর আগেই দূর-দূরান্ত থেকে অগণিত সমর্থক দুপুরে নকলা শহরে এসে জড়ো হতে থাকেন। অংশগ্রহণকারী অনেকেই আশা প্রকাশ করে বলেন “অতীতের ৫ বারের মতো এবারও ব্রাজিল বিশ্বকাপ বিজয়ের শিরোপা অর্জন করবে।” এ শিরোপা জয়ের লড়াইয়ে ব্রাজিল ফুটবল দল সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শন করবে বলে তারা আশা ব্যক্ত করেন।

সমর্থকগন তাদের প্রিয় দল ব্রাজিল ফুটবল টিমের প্রতি সমর্থন ও ভালোবাসার কথা তুলে ধরে দলটির সাফল্য কামনা করেন। তাদের অনেকে জানান, সবারই ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের বিষয় থাকতেই পারে, তাইবলে অন্যদেশের ফুটবল টিমের সমর্থনের কারনে নিজের এলাকার বা দেশের কারো সাথে মনোমালিন্য বা দুরত্ব সৃষ্টির কোন কারন নেই। এছাড়া ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে বলেও আশাবাদী তারা।