শেরপুর প্রতিনিধি:

শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ চক্রের হামলান স্বীকার শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আল মুহতাছিম সাইফ (১৭) মারা গেছেন। মঙ্গলবার (৯ জুন) একাধিক সূত্রে সাইফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এরআগে ৬ জুন ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেছেন সাইফের মা রেবেকা সুলতানা। হত্যাচেষ্টার ওই অভিযোগটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন শেরপুর সদর থানার ওসি সোহেল রানা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২৯ মে বিকেলে শেরপুরের তাতালপুর বি.এম রোড এলাকায় সাইফ একা দাঁড়িয়ে ছিলেন। এ সময় নাঈম মিয়া (১৯), পাপ্পু (২০), স্বপন (২১) ও আরমান (২০) একই স্থানে দাঁড়িয়ে ছবি তুলবে বলে সাইফকে সরে যেতে বলে। সাইফ সরে যেতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘবদ্ধ চক্রটি তাকে মারধর শুরু করে। এরইমধ্যে মোবাইল ফোনে আরও ১০-১৫ জনকে ডেকে এনে সাইফকে এলাপাতাড়ি মারধর করে এবং রাস্তার পাশে জমে থাকা পানিতে চুবিয়ে হত্যাচেষ্টা করা হয়। এসময় সাইফের ডাক-চিকৎকারে লোকজন ছুটে আসলে তাকে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সাইফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

এবিষয়ে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, সাইফের মা রেবেকা সুলতানার দায়ের করা হত্যাচেষ্টার অভিযোগটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। অভিযুক্তদের গ্রেফতারের পুলিশি তৎপরতা অব্যাহত আছে বলে ওসি জানান।