শেরপুর প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) শেরপুর জেলা শাখার আয়োজনে শেরপুর নিউমার্কেটের আইডিইবি’র মিলনায়তনে দুটি অধিবেশনে এই আলোচনা সভা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ধরা শেরপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়। খুব দ্রুত সময়ের মধ্যে কমিটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে বলে উপস্থিতিদের জানানো হয়েছে।
‘প্লাস্টিক দূষণ আর নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই শ্লোগানে এবং ‘এখনই নবায়নযোগ্য জ্বালানির’-এই দাবিতে অনুষ্ঠিত উভয় সভায় সভাপতিত্ব করেন প্রফেসর মো. আব্দুর রশীদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম. কে মুরাদুজ্জামান। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) শেরপুর জেলা শাখার গত বছরের বার্ষিক কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন শেরপুর জেলা ধরা’র যুগ্ম আহবায়ক মো. মমিনুল ইসলাম। এছাড়া আগামি বছরের বার্ষিক কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) শেরপুর জেলা শাখার সদস্য সচিব মো. জিয়াউর রহমান মুন্না।
ধরা’র যুগ্ম আহবায়ক এপেক্সিয়ান মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা আলহাজ্ব মো. গোলাম মোস্তফা, শেরপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও সাংস্কৃতিক কর্মী মো. আব্দুল কাদের।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী রোটারিয়ান মো. নাজমুল আলম, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, নারী উদ্যোক্তা প্রীতি পারভীন ও সমাজ কর্মী সাংবাদিক মো. নূর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন ‘সুস্থভাবে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ানো প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার উপর সুনজর বাড়াতে হবে। বিশেষ করে পতিত জমিতে, বাড়ির আশেপাশে, হাট-বাজারে, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠার প্রাঙ্গনসহ সুবিধাজনক স্থানে বৃক্ষরোপনের প্রতি জোর দিতে হবে।’ বক্তারা জানান, নির্বিচারে বনাঞ্চল উজাড় বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির প্রতি সরকার ও সাধারণ মানুষকে একসাথে কাজ করার আহবান জানান। তারা জানান, অজ্ঞাত শক্তির প্রভাবে দখলদারিত্বের কারণে দেশের নদী-নালা, খাল-বিলসহ বিভিন্ন জলাশয়গুলো আজ বিলীনের পথে; তাই সকলকে এই সুন্দর পৃথিবীটাকে জীবের বসবাস উপযোগী হিসেবে বজায় রাখতে এখনই সময় সবাই মিলে কাজ করার। এই ধরিত্রীকে বসবাস উপযোগী হিসেবে রাখতে হলে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তারা আরো বলেন ‘পৃথিবী তথা ধরিত্রী মানেই আমরা, আর আমরা মানেই ধরিত্রী। তাই নিজে সুস্থতার সহিত বাঁচতে হলেও এই পৃথিবীকে সকল প্রকার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে হবে। এর জন্য সকলকে নিজ নিজ জায়গা থেকে পৃথিবীর ভারসাম্য রক্ষায় একে অপরের হাতে হাত রেখে কাজ করতে হবে।’
এসময় এপেক্স ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. আব্দুল মান্নান, ট্রেজারার এপেক্সিয়ান মো. হাফিজুর রহমান পলাশ ও সোহেল ইসলাম, সমাজকর্মী সাংবাদিক সেলিম রেজাসহ ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর জেলা শাখার অন্যান্য সদস্যগন, বিভিন্ন এলাকার সমাজ কর্মী, স্বেচ্ছাসেবক ও নারী উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এদিন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) শেরপুর জেলা শাখার উদ্যোগে জেলার শ্রীবরদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় বিভিন্ন জাতের বেশ কিছু গাছের চারা রোপন করা হয়।
উল্লেখ্য, জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে ১৯৭৩ সাল থেকে বিশ্বব্যাপী জাতিসংঘ বিশ্ব পরিবেশ দিবস (ডব্লিউইডি) পালিত হয়ে আসছে। বিশ্বের ১৪৩ টিরও বেশি দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। বাংলাদেশেও সরকারি ও বেসরকারিভাবে নানা সংগঠন বা সংস্থা দিবসটিকে কেন্দ্র করে র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অব্যাহত রেখে চলেছে।