নকলা (শেরপুর) প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ শেরপুর জেলার নকলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম জেলার শ্রেষ্ঠ ইউএনও এবং নকলা পৌরসভার জালালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে।

৩ জুন দুপুরের দিকে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগড়িতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের তালিকা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরআগে ২ জুন বিকেলে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সায়েদুল ইসলামের স্বাক্ষরিত চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।

প্রকাশিত তালিকা সূত্রে জানা গেছে, জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (পিটিআই), শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষিকা, শ্রেষ্ঠ কাব শিক্ষক ও কাব শিক্ষিকা এবং শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার ও শ্রেষ্ঠ কর্মচারী এই দশ ক্যাটাগড়িতে জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

জেলার শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন, নকলা উপজেলার ইউএনও মো. জাহাঙ্গীর আলম ও জালালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শেরপুর সদর উপজেলার শেরপুর পিটিআই’র ইন্সট্রাক্টর মোহাম্মদ নোমান সাঈদ, প্রধান শিক্ষিকা মোছা. সাহানাজ পারভীন ও জেলা শিক্ষা অফিসের কর্মচারী শেখ আহম্মেদ মুরাদ। নালিতাবাড়ীর সহকারী শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ ও কাব শিক্ষক মুহাম্মদ ছামেদুল ইসলাম। শ্রীবরদী উপজেলার প্রধান শিক্ষক মো. ফরাশ উদ্দিন ও কাব শিক্ষিকা সীমা রাণী ঘোষ এবং ঝিনাগাতীর সহকারী শিক্ষিকা শামীমা আক্তার।

এদিকে নকলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় তাকে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দ, নকলা পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা আলাদা ভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। জেলার শ্রেষ্ঠ ইউএনওকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানানোর হিড়িক পড়ে গেছে। এছাড়া জেলার শ্রেষ্ঠ জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সালামকেসহ বিদ্যালয় পরিচালনা কমিটি ও সহকারী শিক্ষক-শিক্ষিকাদের এলাকাবাসী নিজের মতোকরে বিভিন্ন ভাবে শুভেচ্ছা জানিয়েছেন।

নকলা ইউএনও-কে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে ও জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত করায় নির্বাচক মন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপশি তাদেরকে ধন্যবাদ জনিয়েছেন ইউএনও মো. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম। এই অর্জন অংশীজনসহ নকলা উপজেলাবাসীর জন্য উৎসর্গ করেছেন তাঁরা।

উল্লেখ্য, মো. জাহাঙ্গীর আলম ২০১৮ সালে ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২৫ সালের জুলাই মাসের ২ তারিখে তাকে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয় এবং ৭ তারিখে তিনি নকলায় যোগদান করেন।