গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক ও প্রবাসী কমিউনিটি নেতার মৃত্যু হয়েছে।

‎১২ই মার্চ (বৃহস্পতিবার) সন্ধায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ধোপাগুল নামক স্থানে ট্রাক চাপায় ঘটনাস্থলেই উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ দেশীয় সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হুসেন (৪০) এবং ১৩ই মার্চ (শুক্রবার) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় একই সংগঠনের দেশীয় সমন্বয় কমিটির সভাপতি আব্দুল আহাদ বাবুল’র (৬০) এর মৃত্যু হয়েছে।

‎জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ধোপাগুল এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে মোশাররফ হোসাইনের মোটরসাইকেলে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে করে ঘটনাস্থলেই মোশাররফ হোসাইন নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় আব্দুল আহাদ বাবুলকে হাসপাতালে নিলে শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎এদিকে মোশাররফ হোসাইনের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগ থেকে শুক্রবার বিকেল গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং রাত ১০ টায় রস্তমপুর ইউনিয়ন কমপ্লেক্স মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। আর বাবুলের মরদেহ বাড়িতে নিয়ে ঐ দিন রাতেই তার নীজ গ্রাম রুস্তমপুরের ইটাচকিতে দাফন সম্পন্ন হয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন মৈত্র। তিনি জানান, গতকাল একজনের এবং আজকে আরেকজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। ওইটা আটক করবো। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎এদিকে উনাদের মৃত্যুতে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সাংগঠনিক ভাবে শোক প্রকাশ করেছেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের নবগঠিত কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক মোহাম্মদ আব্দুল্লাহ ও সদস্য সচিব প্রভাষক আলীম উদ্দিন।
‎শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী,
‎রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজসহ প্রমুখ।

‎অপরদিকে ঘাতক ট্রাক ড্রাইভারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।