নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় নবনির্বাচিত শিক্ষক পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর পূর্বক নবনির্বাচিতদের এবং সদ্য পিএইচ.ডি (চয.উ) ডিগ্রি অর্জনকারী মোহাম্মদ আনিছুর রহমান আকন্দ-কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার ঐতিহ্যবাহী সরকারি হাজী জালমামুদ কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজ মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর, নবনির্বাচিতদের ও পিএইচ.ডি ডিগ্রি অর্জনকারী মোহাম্মদ আনিছুর রহমান আকন্দ-কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজটির অধ্যক্ষ মো. আব্দুল বার্সেদ-এঁর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপাধ্যক্ষ আলতাফ হোসেন ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ গোলাম মাছুমসহ নবনির্বাচিত শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ ও অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, বর্তমান সময়ের ভূ-রাজনীতি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে ড. মোহাম্মদ আনিছুর রহমান আকন্দ-এর গবেষণা নিঃসন্দেহে কলেজের একাডেমিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে। তার এই সাফল্য সবার জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বলেও তারা মনে করেন। বক্তারা সদ্য পিএইচডি অর্জনকারী অধ্যাপকের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করেন। তার ইতিবাচক জ্ঞানের আলোয় প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষার্থীরা কিছুটা হলেও আলোকিত হবেন এমন আশা ব্যক্ত করে বক্তারা।
জানা গেছে, সরকারি হাজী জাল মামুদ কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আনিছুর রহমান আকন্দ চীনের সাংহাই ইউনিভার্সিটি থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিলো “Critical Discourse Analysis of the Media Representations of Bangladesh-China Relations: A case study on the BSS (1975-2016)”.
ড. মোহাম্মদ আনিছুর রহমান আকন্দ নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাঁর বক্তব্যে এমন বর্ণিল আয়োজনের মাধ্যমে তাকে সংবর্ধনা দেওয়ায় অধ্যক্ষ মো. আব্দুল বার্সেদ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।