ডেস্ক নিউজ:

সুনামগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে টানা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা সদর হাসপাতালের প্রাঙ্গণে দুই ঘণ্টার কর্মবিরতির মাধ্যমে আন্দোলন শুরু করেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ এবং সুনামগঞ্জ জেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন জেলা শাখার সভাপতি রোকন উদ্দিন মোল্লা। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ এ কে এম জাকারিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন কাজী সাফী উদ্দীন, আফজালুর রহমান, জুবায়ের হোসেন, খালিদ হোসেন, জুলকার নাইম, ফিরুজ মিয়া এবং শামীম মন্ডল।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির অংশ হিসেবে লাগাতার শাটডাউন পালন করা হবে।

এদিকে, কর্মবিরতির কারণে রোগীরা যেন ভোগান্তিতে না পড়েন, সেদিক লক্ষ্য রেখে জরুরি সেবা চালু থাকবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, ফিরোজ মিয়া, প্রান্ত, মামুন হায়দার, মাকসুদা এবং আনিকা।