নকলা (শেরপুর) প্রতিনিধি:
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন পূর্বক স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় উপলক্ষে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিপিন চন্দ্র বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার অন্তত ৬টি মন্ডপ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট মন্ডপের পূজারীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। এদিন রাতে নকলা উপজেলা কেন্দ্রীয় কালীমাতা মন্দির পূজা মন্ডপ, ২নং নকলা ইউনিয়নের ছত্রকোনা দুর্গাপূজা মন্ডপ ও উত্তর নকলা ডাকাতিয়াকান্দা দুর্গাপূজা মন্ডপ, ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের গনপদ্দী দক্ষিণ পরি পোদ্দারের বাড়ী দুর্গাপূজা মন্ডপ, গনপদ্দী শীলবাড়ী দুর্গাপূজা মন্ডপ ও গনপদ্দী দক্ষিণ সাহাপাড়া দুর্গাপূজা মন্ডপ সমূহ পরিদর্শন করেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিপিন চন্দ্র বিশ্বাস উপজেলায় শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হন। সার্বিক বিষয়াবলী পরিদর্শন পূর্বক সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনের সময় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর ও সদস্য সচিব আশীষ কুমার সাহা, উপজেলা কেন্দ্রীয় কালীমাতা মন্দির পূজা মন্ডপ পরিচালনা পরিষদের সভাপতি শ্রী উত্তম কুমার বণিক ও সাধারণ সম্পাদক শ্রী সুরঞ্জিত কুমার বণিক, গনপদ্দী দক্ষিণ পরি পোদ্দারের বাড়ী দুর্গাপূজা মন্ডপ পরিচালনা পরিষদের সভাপতি প্রবল পোদ্দারসহ সংশ্লিষ্ট পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও কমিটির অন্যান্য সদস্যগন, স্থানীয় পূজারী ও ভক্তবৃন্দ, পুলিশ সদস্য ও আনসার সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।
তথ্য মতে, এ বছর পৌরসভায় ৩টি, গনপদ্দী ইউনিয়নে ৫টি, নকলা ইউনিয়নে ২টি, উরফা ইউনিয়নে ৩টি, বানেশ্বরদীতে ১টি, পাঠাকাটা ইউনিয়নে ২টি, চরঅষ্টধর উইনিয়নে ২টি ও চন্দ্রকোনা ইউনিয়নে ২টি মন্ডপে পূজা ও দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে। তবে উপজেলার গৌড়দ্বার ও টালকী ইউনিয়নে মন্ডপ স্থাপন না হওয়ায় সেসব এলাকার পূজারীরা পাশের এলাকার সুবিধাজনক মন্ডপে পূজা করবেন।
২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে পূজা শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসবের সমাপনী ঘটবে বলে দুর্গা পূজা সংশ্লিষ্ট পঞ্জিকা সূত্রে জানা গেছে। শাস্ত্রীয় মতে, এ বছর দেবী দোলায় (পালকি) চড়ে কৈলাশে ফিরে যাবেন।