শান্তিগঞ্জ প্রতিনিধি:
জুলাই সনদের আইনি ভিত্তি ও কেন্দ্র ঘোষিত ৫ দফা গণদাবি বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার বিকেল ৩টায় শান্তিগঞ্জ বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৩ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলওয়ার হোসেন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আফসার আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উলামা মাশায়েখ সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন, সমাজসেবা সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রায়েজ নুর ও সেক্রেটারি মামুন আহমদ। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ—পাথারিয়া ইউনিয়নের সভাপতি সমশের আলী, পূর্ব বীরগাঁও ইউনিয়নের সভাপতি মাসুম আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সভাপতি মাওলানা আলফাজ উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়নের সভাপতি কবির আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়নের সভাপতি কাজী নুরুল হক, শিমুলবাক ইউনিয়নের সভাপতি এখলাছুর রহমান, জয়কলস ইউনিয়নের সভাপতি ডা. সাইদুর রহমান ও দরগাপাশা ইউনিয়নের সভাপতি শামীম আলম প্রমুখ।
সভায় বক্তারা বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ৫ দফা গণদাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
বক্তারা আরও জানান, ৫ দফা দাবির বাস্তবায়ন না হলে কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচি কঠোরভাবে পালন করা হবে।