কসবা ও ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৮০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
সামজাদ জসি
ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৮০ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। সোমবার (২১ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সোমবার কসবা উপজেলার কসবা ও মঈনপুর বিওপি (বর্ডার পর্যবেক্ষণ পোস্ট) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপির বিশেষ টহলদল স্ব-স্ব এলাকায় সীমান্ত জোরদার করে। পরবর্তীতে অভিযান চালিয়ে ভারতীয় ২৭০ পিস শাড়ি, ৩১৫ লিটার ফরমালিন, ৫৪ কেজি বাসমতি চাল, একটি গরু, ১০.৫ কেজি গাজা এবং চোরাচালাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের প্রত্যক্ষ দিকনির্দেশনায় সফলভাবে এই অভিযানগুলো পরিচালিত হয়।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, অবৈধ পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।