মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::
হাওরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপশী গ্রামে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প (HAERPIIP)’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুজ্জামান কামরুল বলেন, হাওরাঞ্চলের মানুষের জন্য যোগাযোগব্যবস্থা এখনো বড় একটি চ্যালেঞ্জ। বর্ষা মৌসুমে পানি ও প্রতিকূল পরিবেশের কারণে স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়। উড়াল সড়কসহ টেকসই অবকাঠামো নির্মাণ করা হলে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়বে।
তিনি বলেন, ‘হাওরবাসীর জীবনমান উন্নয়নে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে জামালগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার একটি বড় অংশ পূরণ হবে। প্রকল্পের কাজ যেন যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ে শেষ হয়, সেদিকে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় নেত্রকোনা-ধর্মপাশা-জামালগঞ্জ (সাচনা)-সুনামগঞ্জ সড়কের জামালগঞ্জ অংশ এবং গোলকপুর জিসি-সাচনা জিসি সড়কের উন্নয়ন ও পুনর্নির্মাণ করা হবে। হাওর এলাকার যোগাযোগব্যবস্থাকে টেকসই ও জনবান্ধব করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (HAERPIIP) ফেরদৌস আহমেদ, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক।
জামালগঞ্জ উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
এ সময় জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব খান, জামালগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে জামালগঞ্জের হাওরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। বিশেষ করে বর্ষাকালে মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ, শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনা তৈরি হবে।