শেরপুরের নকলায় আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার উদ্যোগে মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঘোষিত ২ লক্ষ গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার ৫০০টি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।
পৌর শহরের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম জালালপুর ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়। এছাড়া জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ২০০টি ও পশ্চিম জালালপুর ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে ১০০টি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও এদিন উপজেলার নকলা ইউনিয়ন ও উরফা ইউনিয়নের বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাছে আরো ২০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
চারা রোপন ও বিতরণের সময় জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও নকলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. হাসিবুল হাসান, বিদ্যালয় পরিচালনা পরিষদের জমিদাতা পরিবারের সদস্য ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর, সদস্য পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিল উদ্দিন, সহকারী শিক্ষক খুররম করিমসহ অন্যান্য শিক্ষক, সংশ্লিষ্ট বিদ্যালয় ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্যগন, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলীর দেওয়া তথ্যমতে জানা গেছে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সারাদেশ ব্যাপি ২ লক্ষ গাছের চারা রোপন করা হবে।