শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে সেঁজুতি সাহিত্য সংসদের আয়োজনে একুশে পাঠচক্র আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা শহরের ঐতিহ্যবাহী সেঁজুতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসরের অংশ হিসেবে দুইটি পর্বে এ আসর অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে শিক্ষক কবি সাহিত্যিক মনি গাঙ্গুলি’র সভাপতিত্বে ‘বৈচিত্র্যময় প্রকৃতি আমাদের অস্তিত্ব’ শিরোনামে একুশে পাঠচক্রের ১১৭তম আসরে বক্তব্য উপস্থাপন করেন শিশু শিক্ষার্থী সাব্বির হোসেন ও শায়ন সরকার প্রমুখ।
কবি সাহিত্যিক অমিত চক্রবর্তী-এঁর সঞ্চালনায় অনুষ্ঠিত পাঠচক্রের দ্বিতীয় পর্বে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা শিক্ষনীয় কবিতা আবৃত্তি ও গণসঙ্গীত পরিবেশন করেন।
এসময় সেঁজুতি বিদ্যাপীঠের অধ্যক্ষ কবি সাহিত্যিক মুনিরুজ্জামান, সহকারী শিক্ষক কবি সাহিত্যিক সাবিহা নাসরীন, শান্তি সাহা, দিলারা বেগম ও শারমিন আক্তারসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।