ডেস্ক নিউজ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ২০২৫ উপলক্ষে ২২ মে, বৃহস্পতিবার, দুপুর ১টায় অনুষ্ঠিত হয়েছে বইপাঠ প্রতিযোগিতা। সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের আয়োজনে এবং সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শহরের পূর্ব মল্লিকপুরে অবস্থিত সাহিত্য সংসদ গণপাঠাগার সংলগ্ন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির শ্রেণিকক্ষে।
“পাঠাভ্যাস গড়ে তুলি” শীর্ষক এই ব্যতিক্রমধর্মী আয়োজনে শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের বই পড়ার অভিজ্ঞতা তুলে ধরে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।
আয়োজকরা জানান, আগামী প্রজন্মের মধ্যে সাহিত্যের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং পাঠের প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার নিয়মিতভাবে এমন আয়োজন করে আসছে।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে আগামী ২৫ মে ২০২৫ তারিখে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে।